বিবিসি নিউজের অন্যতম পরিচিত সংবাদ উপস্থাপক মরিয়ম মোশিরি জানিয়েছেন, তিনি রক্তের একটি বিরল ক্যানসারে আক্রান্ত। রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই নিজের অসুস্থতার কথা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
২০০৩ সালে বিবিসিতে যোগ দেওয়া ৪৯ বছর বয়সী মোশিরি জানান, রোগ নির্ণয়ের পর দুই বছর কেটে গেছে এবং এখন তিনি নিজের অবস্থা অনেকটাই বুঝতে পারছেন। তিনি বলেন, বাকি জীবন তাকে এই রোগের চিকিৎসা নিয়েই কাটাতে হবে।
২০২৪ সালের নভেম্বরে মোশিরির শরীরে পলিসাইথেমিয়া ভেরা (PV) নামের একটি বিরল রক্তের ক্যানসার শনাক্ত হয়। এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য না হলেও কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এই রোগে শরীরে অতিরিক্ত লোহিত রক্তকণিকা তৈরি হয়, যার ফলে রক্ত স্বাভাবিকের চেয়ে ঘন হয়ে যায় এবং স্ট্রোক, হার্ট অ্যাটাক বা ডিপ ভেইন থ্রম্বোসিসের (DVT) ঝুঁকি বেড়ে যায়। মাথাব্যথা, বিভ্রান্তি, মাথা ঘোরা ও ঝাপসা দৃষ্টি এই রোগের সাধারণ লক্ষণ।
মোশিরি জানান, তার তেমন কোনো উপসর্গ ছিল না, যা এই রোগের অন্যতম সমস্যা। নিয়মিত রক্ত পরীক্ষায় তার জিপি চিকিৎসকের সতর্কতার কারণেই বিষয়টি ধরা পড়ে।
কষ্টকর চিকিৎসা প্রক্রিয়া
প্রাথমিক চিকিৎসার অংশ হিসেবে বিবিসি নিউজের এই প্রধান উপস্থাপককে কয়েক দফা ঘণ্টাব্যাপী 'ভেনিসেকশন' প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে—শিরা থেকে সুচের মাধ্যমে ধীরে ধীরে রক্ত বের করে নেওয়ার এই পদ্ধতি রক্ত পাতলা করতে সহায়ক। পাঁচ মাসের মধ্যে সাত-আটবার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে, যার ফলে শরীরে আয়রনের মাত্রা তলানিতে নেমে যায় এবং তিনি আরও ক্লান্ত হয়ে পড়েন। চুল পড়া, শরীরে চুলকানি ও তীব্র ক্লান্তির মতো উপসর্গও দেখা দেয় তার।
পরবর্তী সময়ে এনএইচএসের মাধ্যমে ইন্টারফেরন নামের একটি ইমিউনোথেরাপি চিকিৎসা শুরু করেন মোশিরি, যা কিছুটা সমন্বয়ের পর তার অবস্থার উন্নতি ঘটায়। তিনি জানান, গত প্রায় ১৫ মাসে মাত্র একবার ভেনিসেকশনের প্রয়োজন হয়েছে তার, এবং সাম্প্রতিক কয়েক মাস আগের দুই বছরের তুলনায় অনেকটাই ভালো কেটেছে।
ক্লান্তির বিরুদ্ধে লড়াই
তিন সন্তানের জননী মোশিরি বলেন, এই রোগের সঙ্গে খাপ খাইয়ে নিতে তাকে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হয়েছে। ক্লান্তির কারণে অনেক সময় পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন না বা সন্তানদের সঙ্গে খেলতে পারেন না তিনি। তিনি জানান, এই ক্লান্তি সাধারণ ঘুম না হওয়ার মতো নয়—শরীর থেকে যেন সম্পূর্ণ শক্তি নিঃশেষ হয়ে যাওয়ার মতো অনুভূতি হয়।
ক্লান্তি সত্ত্বেও গত দুই বছরে বিশ্বজুড়ে বড় বড় সংবাদ কাভার করে চলেছেন মোশিরি—কাতার থেকে যুক্তরাষ্ট্র-ইসরাইল-ইরান যুদ্ধ শুরুর সংবাদ, ভ্যাটিকান থেকে নতুন পোপ নির্বাচন এবং গ্রিনল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সফরের প্রতিবেদন করেছেন তিনি। এই পথচলায় নিজের স্বামী জোনাথন, বিবিসির ব্যবস্থাপনা এবং তার তিন সন্তান আইরিস (১৩), ভিভিয়েন (১১) ও ক্যাসপিয়ানের (৯) সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন মোশিরি।
সচেতনতা বাড়ানোর আহ্বান
ব্লাড ক্যানসার ইউকের প্রধান নির্বাহী হেলেন রোনট্রি বলেন, প্রকাশ্যে নিজের অসুস্থতার কথা জানানোয় মোশিরির প্রতি তারা কৃতজ্ঞ। তিনি জানান, রক্তের ক্যানসার যুক্তরাজ্যের পঞ্চম সবচেয়ে সাধারণ এবং তৃতীয় সর্বোচ্চ প্রাণঘাতী ক্যানসার হলেও এ নিয়ে সমাজে সচেতনতা এখনও তুলনামূলক কম।
রোনট্রি আরও বলেন, এই রোগের উপসর্গ অস্পষ্ট হওয়ায় অনেক সময় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে, এবং অনেক রোগী কর্মজীবন ও পারিবারিক জীবনের পাশাপাশি নিজের চিকিৎসা সামলে চলেন। উন্নত চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনে সরকারি ও জনসাধারণের অব্যাহত সহায়তার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
মোশিরি বলেন, রক্তের ক্যানসার নিয়ে গবেষণা ক্রমাগত এগিয়ে চলেছে এবং তিনি আশাবাদী যে ভবিষ্যতে আরও উন্নত চিকিৎসা পদ্ধতি আসবে।
সূত্র: বিবিসি নিউজ
-
ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ
-
রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে
-
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য
-
ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী
-
‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির