হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন।
পরিদর্শনকালে দুপুর ১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা-চট্টগ্রাম-ঢাকা রুটের একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এ সময় উড়োজাহাজের কার্গো হোল্ড খোলা থেকে শুরু করে ব্যাগেজ হ্যান্ডলিং এবং যাত্রীদের কাছে নিরাপদে ব্যাগেজ হস্তান্তর পর্যন্ত পুরো প্রক্রিয়া সরেজমিনে তদারকি করেন মন্ত্রী।
উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিমানবন্দরে আগত যাত্রীদের ব্যাগেজ ব্যবস্থাপনায় সময় কমিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে উড়োজাহাজ অবতরণের পর প্যাসেঞ্জার গেট ও কার্গো হোল্ড খোলার সময়ের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে।
এ ছাড়া ফ্লাইট অবতরণের আগেই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে নিয়োজিত কর্মীদের পরিকল্পিত ও সময়মতো উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
ব্যাগেজ হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং যাত্রীদের তাৎক্ষণিকভাবে তথ্য জানানোর লক্ষ্যে বিমানবন্দরে লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশনাও দেন বিমানমন্ত্রী। এসব স্ক্রিনে ব্যাগেজ হ্যান্ডলিংয়ের অগ্রগতি প্রদর্শনের ব্যবস্থা রাখার কথা বলেন তিনি।
পরিদর্শনকালে বিমানবন্দরের ওয়াশরুমগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও গুরুত্ব দেন মন্ত্রী। যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও উন্নত সেবা নিশ্চিত করতে ওয়াশরুমগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন এবং বিভিন্ন ওয়াশরুম সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের বিমানবন্দরগুলোতে যাত্রী হয়রানি কমাতে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ব্যাগেজ হ্যান্ডলিংয়ের স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতে মন্ত্রী পর্যায়ে সরেজমিন তদারকিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এসব উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়িত হলে ব্যাগেজ পেতে যাত্রীদের অপেক্ষার সময় ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।
-
আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা
-
সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ?
-
মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ
-
কারাগারে ভিডিও কলে স্বজনের মুখ দেখার সুযোগ, তবে মাদক-দুর্নীতির পুরোনো অভিযোগ অমীমাংসিত
-
মন্ত্রী এলেই দৃশ্য বদলায় ওসমানী হাসপাতাল, বছরজুড়ে কেন ভোগান্তি: প্রশ্ন রোগীদের
আরও পড়ুন: