কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল অতিক্রম করার সময় দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কিছুক্ষণ ধরে দুই পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাসদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গণঅধিকার পরিষদের অভিযোগ, তাদের মিছিলে জাতীয় পার্টির পক্ষ থেকে পেছন দিক থেকে হামলা চালানো হয়েছে। তবে জাতীয় পার্টি পাল্টা অভিযোগ এনে বলছে, তাদের কেন্দ্রীয় কার্যালয়ে ওই মিছিল থেকে হামলা করা হয়েছে।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ এক বার্তায় জানান, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সেদিন সন্ধ্যায় তাদের বিক্ষোভ কর্মসূচি ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পল্টন মোড়ে মিছিলের পেছনের অংশে ‘হামলা’ হয়।
তার দাবি, জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে ‘দুই-তিনশ মানুষ’ এই হামলায় অংশ নেয় এবং তাদের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগের লোকও ছিল।
হানিফ আরও বলেন, “এক পর্যায়ে গণঅধিকার পরিষদের নেতা-কর্মী ও সমর্থকরা ‘প্রতিরোধ’ করলে সেখানে সংঘর্ষ শুরু হয়।”
সেদিনের মিছিলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় রাশেদ খান আহত হয়েছেন বলে তার ফেসবুক পেজে দাবি করা হয়েছে।
মিছিলে ‘হামলার’ প্রতিবাদে গণঅধিকার পরিষদ মশাল মিছিলের ঘোষণা দিয়েছে।
অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী এক বার্তায় অভিযোগ করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ‘সন্ত্রাসী হামলা’ চালানো হয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে রাত সাড়ে ৮টায় কাকরাইল কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হবে।
রমনা থানার পরিদর্শক আতিকুল আলম খন্দকার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই পক্ষের মধ্যে ঢিল নিক্ষেপের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে।”
-
ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু
-
‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম
-
লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন
-
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন
-
গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’