ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

বিনা খরচে ১২ হাজার সাঁতারু গড়ে তুলেছেন মাসুদ রানা

প্রকাশিত: ২৩ মে ২০২৫, ০৭:৫৬ পিএম

বিনা খরচে ১২ হাজার সাঁতারু গড়ে তুলেছেন মাসুদ রানা

কোনও ক্লাব সাঁতারু খুঁজে পাচ্ছে না? সমাধান একটাই—মাসুদ রানাকে ফোন করুন। সাঁতারু শেষ মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছে? সহায়তা পাবেন মাসুদ রানার কাছ থেকে। যে কোনও প্রতিযোগিতার আগে ক্লাবগুলো তার কাছে চুক্তিভিত্তিক সাঁতারুর সন্ধান করে। যেন সব সময় সাঁতারু প্রস্তুত রেখেই থাকেন বগুড়ার এই নিবেদিতপ্রাণ কোচ।

মিরপুর সুইমিং কমপ্লেক্সে পা রাখলেই দেখা যাবে মাসুদ রানা ও তার স্ত্রী নীলুফার ইয়াসমিনকে। মাসুদের হাতে স্টপওয়াচ, মুখভর্তি পান, হাসিমুখে কথা বলেন সবার সঙ্গে। পুলের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ান সময় মাপতে, পদকের খোঁজে, ক্লাবগুলোর ফলাফল জানতে। চলছে ৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা, যেখানে মাসুদ রানা এনেছেন ১৫ জন সাঁতারু।

বগুড়ার সাতমাথা পার্ক পুকুরে সারা বছর অনুশীলন করান একদল সাঁতারুকে। একসময় সাতমাথা গোয়াল রোডে জ্বালানি তেলের ব্যবসা করতেন মাসুদ রানা। সেই পেশা ছেড়ে এখন সম্পূর্ণ সময় দেন সাঁতারু তৈরিতে।

বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় তার হাতে গড়া সাঁতারুরা এ পর্যন্ত ১০৪টি স্বর্ণপদক অর্জন করেছে। তবু কোনও ছাত্রের কাছ থেকে তিনি অর্থ নেন না। মিরপুর সুইমিং কমপ্লেক্সের পাশে দাঁড়িয়ে বলেন, “একেবারে বিনামূল্যে শেখাই। বগুড়ার ভাষায় বললে—মাগনা। আমি সাঁতার শেখাতে কোনও অর্থ নিই না। যতদিন বাঁচি, এটা করেই যাব। বড় বড় দলকে অনেক স্বর্ণপদক দিয়েছি। এখন পর্যন্ত আমার ছেলে-মেয়েরা ১০৪টি সোনা জিতেছে, এর মধ্যে ২২টিতে রেকর্ড হয়েছে।”

সব মিলিয়ে প্রায় ১২ হাজার সাঁতারু তৈরি করেছেন মাসুদ রানা। গর্বভরে বলেন, “এ পর্যন্ত বয়সভিত্তিক ও জাতীয় পর্যায়ে ১২,২৩৭ জনকে রেজিস্ট্রেশনের মাধ্যমে তৈরি করেছি। সবাইকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়েছি। কোনও দান-ডোনেশন নিইনি। এমনকি জেলা ক্রীড়া সংস্থার কাছ থেকেও সহায়তা পাইনি।”

সাঁতার যেন তার নেশা, “এটা এখন একটা নেশার মতো। অনেক সময় ঘুম আসে না। বাচ্চাদের কাছে ছুটে যাই। শীতে ৩০ মিনিট পানিতে এবং ল্যান্ডিং (জমিতে অনুশীলন) করাই আড়াই ঘণ্টা। বাকি সময়ে সকালে ৩ ঘণ্টা, বিকেলে ২ ঘণ্টা অনুশীলন করাই।”

১৯৮৮ সাল থেকে কোচিং করাচ্ছেন মাসুদ রানা। এর আগে নিজেও সাঁতারু ছিলেন। সাফল্য এসেছে পরে। “২০১৭ সাল থেকে আমার সাঁতারুরা সোনা জিততে শুরু করে। এখন পর্যন্ত দুজন আমার প্রশিক্ষণপ্রাপ্ত সাঁতারু ‘সেরা সাঁতারু’র পুরস্কার পেয়েছে।”

তার এক ছাত্র মরিয়ম খাতুন ভেঙেছেন এসএ গেমসে স্বর্ণজয়ী মাহফুজা খাতুন শিলার রেকর্ড। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও আনসারে কর্মসংস্থান হয়েছে তার অনেক ছাত্রের।

এখন মাসুদ রানার একটাই স্বপ্ন, “আমার কোনো সাঁতারু যদি এসএ গেমসে সোনা জিততে পারে, তবে এত দিনের কষ্ট সার্থক হবে।”

এমন নিবেদিতপ্রাণ তৃণমূল কোচদের কারণেই এখনও মিরপুর সুইমিং পুলে প্রতিদিন ভিড় করে হাজারো কিশোর-কিশোরী। হয়তো তাদেরই হাত ধরে একদিন এসএ গেমসে উঠবে লাল-সবুজের গর্বের সোনালি পদক।