ব্রিটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে আগামী ২৬ জুলাই রোববার বার্মিংহামের ঐতিহাসিক স্মল হিথ পার্কে অনুষ্ঠিত হবে নবম ‘সোনালী ক্রীড়া মেলা ২০২৬’। এ উপলক্ষে বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে (সিআইসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকের (সিআইসি) সদস্যসচিব সাহিদুর রহমান সুহেল, সৈয়দা পারভিন লাভলী ও সৈয়দ মকসুদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে সিআইসি ‘দেহ-মনের সুস্থতা ক্রীড়া’ স্লোগান ধারণ করে দেশ-বিদেশে প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার শুরু থেকেই সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আন্দোলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যে আন্দোলনে সফলতা অর্জনে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটি, সাংবাদিক ও গণমাধ্যমের অবদানের কথাও তুলে ধরা হয়। বর্তমানে ওই স্টেডিয়ামের একটি গ্যালারির নাম ‘প্রবাসী গ্যালারি’ রাখার আন্দোলনও চালিয়ে যাচ্ছে সংগঠনটি, এবং এতেও সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অতীতে বার্মিংহামে একসঙ্গে নয়টি শহরের পারস্পরিক বন্ধুত্বের সেতুবন্ধনে টুর্নামেন্ট এবং বার্মিংহাম সংবাদকর্মী বনাম লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল ম্যাচসহ দেশের ক্রীড়া ও গৌরবের অর্জনে আনন্দসভা আয়োজন করা হয়েছে। এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ হবে বার্মিংহাম ইউনাইটেড কাবাডি ক্লাব বনাম ম্যানচেস্টার কাবাডি ক্লাবের অংশগ্রহণে জাতীয় খেলা হাডুডুর প্রদর্শনী।
ব্রিটেনের নতুন প্রজন্মকে বাংলাদেশের গ্রামীণ খেলাধুলার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই ক্রীড়া মেলার আয়োজন করছে বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে সিআইসি। পরপর আটবার সফলভাবে আয়োজনের পর নবম সোনালী ক্রীড়া মেলা ২০২৬ আরও ব্যাপক পরিসরে আয়োজনের লক্ষ্যে সবার সহযোগিতা চেয়েছেন আয়োজকরা। তাঁরা জানান, বাংলাদেশের বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম পুনঃপ্রচলন এবং এসবের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ জাগানোই তাঁদের মূল লক্ষ্য। যেকোনো বয়সের যে কেউ নিজেদের পছন্দমতো এক বা একাধিক খেলায় বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবেন।
মেলায় থাকা খেলাগুলোর মধ্যে রয়েছে কাবাডি, কানামাছি, মোরগের লড়াই, বিস্কুট দৌড়, সুই-সুতা দৌড়, হাঁড়ি ভাঙা, চেয়ার দৌড়, সাধারণ দৌড়, বালিশ দৌড়, মার্বেল দৌড়, লুডু ও দড়ি লাফ। সব খেলাতেই কোনো ধরনের এন্ট্রি ফি ছাড়াই অংশগ্রহণের সুযোগ থাকছে।
খাবারের স্টলসহ বিভিন্ন ধরনের স্টল থাকার পাশাপাশি শিশুদের জন্য থাকছে বাউন্সি ক্যাসল, রাইড ও সফট প্লের ব্যবস্থা। খেলার ফাঁকে ফাঁকে ব্রিটেনের শিল্পীরা গান পরিবেশন করবেন, এবং শৈশবের ছড়া ও কবিতা পাঠেরও সুযোগ থাকবে সবার জন্য।
প্রতিটি খেলায় বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত দিনব্যাপী চলবে এই উৎসব, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের পছন্দের খেলায় অংশ নেওয়ার পাশাপাশি সারাদিন আনন্দ-উৎসবে মেতে ওঠার ও শৈশবের স্মৃতি ফিরে পাওয়ার সুযোগ পাবেন।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্মল হিথ পার্কেই অনুষ্ঠিত হবে দিনব্যাপী এই উৎসব। পার্কের ঠিকানা: E10 0LL। স্টল বুকিং ও যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০৭৯৮৫২৫৬৩৯৫ নম্বরে।
-
টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির
-
HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত
-
বার্মিংহামে ছয় হাজার পাউন্ডের বৈধ ই-বাইক ধ্বংস করল পুলিশ, ভুল স্বীকারে নারাজ
-
প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভা: চ্যান্সেলর হিলি, পররাষ্ট্রে মিলিব্যান্ড, স্বরাষ্ট্রে মাহমুদ
-
বড় পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে শুরু যুক্তরাজ্যে বার্নহাম যুগ, কী কী থাকছে পরিকল্পনায়
আরও পড়ুন: