তাসরিফ হাওলাদার শওকত, ইতালি প্রতিনিধি
ইতালির সারদিনিয়া দ্বীপের ওলবিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি এশিয়ান ফিউশন রেস্টুরেন্টে এক ভয়াবহ ডাকাতি ও প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। এক নেশাগ্রস্ত ডাকাতের ছুরিকাঘাত থেকে রেস্টুরেন্টে কর্মরত এক বীর বাংলাদেশি যুবকের সাহসিকতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সহকর্মীরা। এই ঘটনায় বাংলাদেশিসহ মোট চারজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) রাত আনুমানিক সাড়ে ১০টায়, ওলবিয়ার মধ্য শহরের 'Ichi Asian Fusion' রেস্টুরেন্টে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আলজেরিয়ান বংশোদ্ভূত এক অভিযুক্ত ব্যক্তি প্রথমে রেস্টুরেন্টের নিকটস্থ একটি বাংলাদেশি মালিকানাধীন পিৎজা-কাবাবের দোকানে ঢুকে পড়ে। সেখানে কোনো সুবিধা করতে না পেরে সে দৌড়ে 'Ichi Asian Fusion' রেস্টুরেন্টে গিয়ে প্রবেশ করে। সে সময় অভিযুক্ত ব্যক্তি নিজেকে বাঁচানোর আকুতি জানিয়ে চিৎকার করে বলতে থাকে, তাকে কয়েকজন মেরে ফেলার জন্য তাড়া করছে।
পরিস্থিতি সামাল দিতে রেস্টুরেন্ট মালিকের স্ত্রী এলেনা তাকে নিরাপত্তার জন্য রান্নাঘরের ভেতরে যেতে বলেন এবং পুলিশে খবর দেওয়ার প্রস্তুতি নেন। তবে সাহায্য চাওয়ার ভান করা ওই ব্যক্তি মুহূর্তের মধ্যেই তার রূপ বদলে ফেলে। সে সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে এলেনার গলায় ধরে সরাসরি নগদ অর্থ দাবি করে। প্রায় দুই-তিন মিনিট ধরে এলেনার গলায় ছুরি ধরে রেখে অন্য কাউকে সামনে এগোলে মেরে ফেলার হুমকি দিতে থাকে নেশাগ্রস্ত ওই ডাকাত।
সাহসিকতায় রুখে দাঁড়ালেন রায়হান
শুক্রবার ছুটির দিন হওয়ায় বাংলাদেশি কর্মী রায়হান রেস্টুরেন্টের সামনেই অবস্থান করছিলেন এবং স্থানীয় মসজিদের দিকে যাচ্ছিলেন। ভেতরে চরম উত্তপ্ত পরিস্থিতি দেখে তিনি না পালিয়ে সাহসিকতার সঙ্গে ভেতরে প্রবেশ করেন।
ঘটনার বিবরণ দিয়ে আহত রায়হান বলেন, বসের স্ত্রীর গলায় ছুরি ধরে রাখার কারণে তারা সরাসরি সামনে যেতে পারছিলেন না। দুই-তিন মিনিট পর ডাকাত কিছুটা অসাবধান হয়ে পেছনে হেলে পড়লে তিনি, সিয়াম মোল্লা ও সালমানসহ কয়েকজন মিলে তাকে পরাস্ত করতে যান। ঠিক তখনই ডাকাত তার ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং শরীরের বেশ কয়েকটি জায়গায় মারাত্মক ক্ষত সৃষ্টি করে। একপর্যায়ে নিজের জীবন বাজি রেখে তিনি ডাকাতের হাত থেকে ছুরিটি ছিনিয়ে নেন বলে জানান রায়হান।
ছুরি ছিনিয়ে নেওয়ার পর উপস্থিত সবাই মিলে ডাকাতকে আটকে ফেলেন। এই সংঘর্ষে রায়হান ছাড়াও আরও তিনজন—একজন ইতালিয়ান, একজন নাইজেরিয়ান এবং একজন ব্রাজিলিয়ান কর্মী গুরুতর আহত হন। হামলাকারীর ধারালো অস্ত্রের আঘাতে আহতদের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়।
হাসপাতালে ভর্তি, পরে ছাড়পত্র
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডাকাতকে হেফাজতে নেয় এবং আহতদের উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে জরুরি প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকেই ওলবিয়ার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। একরাত চিকিৎসাধীন থাকার পর পরদিন ৬ সেপ্টেম্বর সকাল ৮টায় তারা ছাড়পত্র পেয়ে বাসায় ফেরেন। হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের অন্তত ১৪ দিনের পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে।
ইতালির আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত আলজেরিয়ান নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। রায়হানের এমন সাহসিকতা এবং নিজের জীবন বাজি রেখে সহকর্মীকে বাঁচানোর ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশি ও ইতালিয়ানদের কাছে প্রসংশীত হয়েছেন।
-
যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান
-
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান
-
বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি
-
অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন
-
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ