বিদেশে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় ভাষা শিখতে ঋণ পাবেন বাংলাদেশি কর্মীরা। জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন শ্রমবাজারে যাওয়ার আগে ও পরে ভাষা শেখার খরচ মেটাতে এ ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক।
এ লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংককে এক হাজার কোটি টাকার তহবিল দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের আওতায় মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ, সুদের হার হবে ৯ শতাংশ।
শ্রমবাজারে প্রবেশ :
২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা ইতিহাসের রেকর্ড পরিমাণ ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। তাদের বড় একটি অংশ অদক্ষ শ্রমিক। দক্ষতা বাড়ানোর বড় উপায় শ্রম চাহিদা আছে এমন দেশের ভাষা শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার।
বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়াসহ বেশকিছু অপ্রচলিত শ্রমবাজারে প্রবেশের জন্য ওই দেশের ভাষা জানা জরুরি। চাকরিদাতা দেশে যাওয়ার পর ভাষা শেখার জন্য এবার খরচের যোগান দিবে সরকার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংকের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে, এর আওতায় বাংলাদেশ ব্যাংক এক হাজার কোটি টাকার তহবিল সরবরাহ করবে। সেই টাকা দিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক যেসব দেশে আমাদের কর্মী যাবে, তাদের বেসিক ল্যাংগুয়েজ শেখাতে টাকা দেবে।
ঋণের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন :
তবে অর্থনীতিবিদ ও অভিবাসন খাত বিশেষজ্ঞরা এই তহবিলের সমালোচনা করছেন। প্রশ্ন তুলছেন এই ঋণের সঠিক ব্যবহার নিয়ে।
সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম এস শেকিল চৌধুরী গণমাধ্যমক বলেন, ‘ভাষা শিক্ষার জন্য ১০ লাখ কেন লাগবে? বিদেশ যাওয়ার পুরো প্রসেসেই তো এত টাকা লাগার কথা না। আর আপনি যদি উপরের একটা স্ল্যাব দিয়ে দেন, তাহলে তার নামে কিন্তু ১০ লাখ টাকা নিয়ে যাবে। সুতরাং এটাকে রিয়েল সেন্সে নিয়ে আসা উচিত।’
ঋণের সঠিক ব্যবহার কঠিন শর্ত :
তবে প্রবাসী কল্যাণ ব্যাংক বলছে, ঋণের সঠিক ব্যবহার নিশ্চিতে আরোপ করা হয়েছে কঠিন শর্ত।
প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম গণমাধ্যমকে বলেন, ‘উইদাউট কোল্যাটারাল জাপানে যেতে ১০ লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছি। এই লোনটা আবার কিন্তু যে যাচ্ছে, তার অ্যাকাউন্টে যাচ্ছে না। জাপানে যে কলেজে সে ভাষা শিক্ষার জন্য ভর্তি হবে, সেই জায়গায় আমরা টিউশন ফি দিয়ে দেব।’
ভাষা শিক্ষা ছাড়াও অভিবাসন খাতের উন্নয়নে নিজস্ব নিয়মে এই তহবিল ব্যবহার করতে পারবে প্রবাসী কল্যাণ ব্যাংক।
-
সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা
-
সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয়
-
বিডিআরের অপমান, ‘অভিমানে’ ৩০ বছর প্রবাসে, অসুস্থ হয়ে দেশে ফিরে মৃত্যু
-
ঘরে বসেই জানুন ভিসার স্ট্যাটাস: ICP ও GDRFA পোর্টাল নিয়ম
-
আমিরাতে ভিসা বাতিল আতঙ্ক: গুজব নয়, দূতাবাসের বার্তা মানুন