সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টের বায়োমেট্রিক সেবা গ্রহণে নতুন নির্দেশনা জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি ই-পাসপোর্ট সেবাপ্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দূতাবাস চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত ভিড় এবং শৃঙ্খলাজনিত সমস্যা তৈরি হচ্ছে। সৌদি কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো আবেদনকারীর ই-পাসপোর্টের বায়োমেট্রিক গ্রহণ করা হবে না। বায়োমেট্রিক দেওয়ার আগে দূতাবাসের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
এ জন্য আবেদনকারীদের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার অনুরোধ জানিয়েছে দূতাবাস।
তবে যেসব প্রবাসীর ই-পাসপোর্টের আবেদন ইতোমধ্যে নির্দিষ্ট তারিখ ও সময়সহ গ্রহণ করা হয়েছে, তারা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দূতাবাসে উপস্থিত হয়ে সেবা নিতে পারবেন।
সেবাপ্রার্থীদের নির্ধারিত নিয়ম মেনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দূতাবাসে আসার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এর মাধ্যমে অতিরিক্ত ভিড় এড়িয়ে সুশৃঙ্খলভাবে ই-পাসপোর্টের বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: