চাকরির অফার বা ওয়ার্ক পারমিট ছাড়াই এখন সরাসরি সংযুক্ত আরব আমিরাতে গিয়ে চাকরি খোঁজা যাবে। দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অফ আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) সম্প্রতি একটি নতুন সিঙ্গেল-এন্ট্রি ভিসা চালু করেছে। এই ভিসার মাধ্যমে যোগ্য প্রার্থীরা কোনো স্পনসর বা নিয়োগকর্তা ছাড়াই আমিরাতে প্রবেশ করে শ্রমবাজার ঘুরে দেখা, সাক্ষাৎকারে অংশ নেওয়া এবং পেশাগত যোগাযোগ তৈরির সুযোগ পাবেন।
যারা দূর থেকে আবেদন না করে সরাসরি আমিরাতে গিয়ে চাকরি খুঁজতে চান, মূলত তাদের কথা মাথায় রেখেই এই ভিসা চালু করেছে দেশটির সরকার।
আবেদন করতে পারবেন কারা
১. কমপক্ষে স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হবে।
২. মানবসম্পদ ও আমিরাতিকরণ মন্ত্রণালয় (MOHRE)-এর শ্রেণিবিন্যাস অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পেশাগত দক্ষতা স্তর থাকতে হবে।
৩. আবেদনকারীকে অবশ্যই বিশ্বের শীর্ষ ৫০০টি বিশ্ববিদ্যালয়ের কোনো একটি থেকে ন্যূনতম স্নাতক পাসের সনদ থাকতে হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর আগে যারা পাস করেছেন তারাই আবেদন করতে পারবেন, এর আগে হলে সম্ভব হবে না।
৪. আমিরাতে অবস্থানকালে নিজের খরচ চালানোর মতো আর্থিক সামর্থ্য থাকতে হবে।
ন্যূনতম ছয় মাস মেয়াদ থাকা পাসপোর্ট, সাম্প্রতিক ছবি, সত্যায়িত শিক্ষাগত সনদ, প্রয়োজনে আর্থিক সংগতির প্রমাণ এবং প্রার্থীর ক্যাটাগরি অনুযায়ী অন্যান্য কাগজপত্র লাগবে।
আবেদন জমা দেওয়া যাবে জিডিআরএফএ দুবাইয়ের অনলাইন পোর্টাল অথবা ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি)-এর মাধ্যমে। ব্যক্তিগত তথ্য পূরণ, ভিসার মেয়াদ নির্বাচন, কাগজপত্র আপলোড ও অনলাইনে ফি পরিশোধের পর অনুমোদন সাপেক্ষে ভিসা ইলেকট্রনিকভাবে ইস্যু হবে। সাধারণত ফি শুরু হয় ২০০ দিরহাম থেকে, মেয়াদ অনুযায়ী যা বাড়ে।
আবেদনকারীরা প্রয়োজন অনুযায়ী ৬০, ৯০ বা ১২০ দিন মেয়াদের যেকোনো একটি বেছে নিতে পারবেন। নিয়ম মেনে অনুমোদন পেলে এই মেয়াদ বাড়িয়ে সর্বোচ্চ ১৮০ দিন পর্যন্ত করা যাবে। তবে এই সম্প্রসারণ স্বয়ংক্রিয় নয়, কর্তৃপক্ষ প্রতিটি আবেদন আলাদাভাবে যাচাই করে সিদ্ধান্ত নেয়।
ভিসা পেলেই চাকরি নিশ্চিত নয়
ভিসা পাওয়া মানেই চাকরির নিশ্চয়তা নয়। এটি শুধু বৈধভাবে চাকরি খোঁজার সুযোগ দেয়, কাজ করার অনুমতি নয়। এ ব্যাপারে কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, ভিসা পাইয়ে দেওয়া বা চাকরির নিশ্চয়তা দেওয়ার দাবি করা অননুমোদিত এজেন্ট বা প্রতিষ্ঠান থেকে দূরে থাকতে হবে।
এ ছাড়া, আবেদনের আগে সর্বশেষ নিয়মকানুন, ফি ও শর্তাবলী দেশটির সরকারি ওয়েবসাইট থেকে যাচাই করে নেওয়া যাবে।
-
যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, YES প্রোগ্রামের বিস্তারিত
-
ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন
-
ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪
-
যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান
-
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান