সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শুক্রবার দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বিকেলের দিকে পূর্ব ও দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম)।
এনসিএমের দৈনিক আবহাওয়া বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব থেকে উত্তর-পশ্চিম দিকের হালকা থেকে মাঝারি গতির বাতাস ঘণ্টায় ১০ থেকে ২৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। কোনো কোনো সময়ে বাতাসের গতি ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যার ফলে খোলা ও মরু অঞ্চলে ধুলাবালু উড়তে পারে।
এদিকে, আরব উপসাগর ও ওমান সাগরে সমুদ্র মোটামুটি শান্ত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ফলে উপকূলীয় এলাকায় নৌযান চলাচলের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করবে।
আবহাওয়া দপ্তর স্থানীয় বাসিন্দা ও ভ্রমণকারীদের বিশেষ করে পূর্ব ও দক্ষিণাঞ্চলে বিকেলের দিকে সম্ভাব্য বৃষ্টি এবং ধুলাবালুর বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।