জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্প্রতি কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হয়েছে বাংলা সিনেমা ‘ভায়োলেন্স’-এর শুভ মহরত। এই সিনেমায় চিত্রনায়ক জায়েদ খান একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন বলে জানিয়েছেন পরিচালক কামাল হোসেন বাবর। তিনি বলেন, এর আগে বাংলাদেশের দর্শকরা হয়তো এমন চরিত্রে জায়েদ খানকে দেখতে পাননি।
নিজের নানা পরিকল্পনা এবং ‘ভায়োলেন্স’ সিনেমাকে ঘিরে তার স্বপ্নের কথাই টরন্টোর চলচ্চিত্রপ্রেমীদের সামনে তুলে ধরেন পরিচালক। কেক কাটার মধ্য দিয়ে ‘ভায়োলেন্স’ সিনেমার শুভ মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জায়েদ খানের দুই নায়িকা অধরা খান ও শিরিন শিলা। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষ।
অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে নির্মিত হবে সিনেমা
বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার, দুর্নীতি ও সামাজিক নানা অবক্ষয়ের ওপর ভিত্তি করে নির্মিত হবে সিনেমাটি বলে জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব কামাল হোসেন বাবর। সিনেমাটি কানাডায় নির্মিত হলেও এর অধিকাংশ কলাকুশলী ও শিল্পী বাংলাদেশ এবং আমেরিকা থেকে যুক্ত হবেন।
‘ভায়োলেন্স’ সিনেমার প্রযোজক হিসেবে থাকছেন মোহাম্মদ রহমান ও সাবরিনা চৌধুরী। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে কানাডার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে। দেশের জনপ্রিয় ও মেধাবী চিত্রগ্রাহক রাজিব সিনেমাটির সঙ্গে যুক্ত থাকার কথা নিশ্চিত করেছেন।
‘ভায়োলেন্স’-এ থাকছেন একঝাঁক তারকা
জায়েদ খান, অধরা খান ও শিরিন শিলা ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন উনায়শা নায়ের, ইফাত শাম্মী, শাকিলা নাজ, আসিফ আনসারি, জেড এফ খান, রোদেশা আমিন, ইউশরা চৌধুরী, কামরান করিম ছাড়াও একঝাঁক মেধাবী ও পরিচিত মুখ।