
মেয়ে তোর দোহাই লাগে, তুই আর জন্মাবি না...
লুৎফর রহমান রিটন
মেয়ে তোর--- ছোট্ট শরীর
যেনো এক--- ফুলের কলি,
ফুল হয়ে--- ফুটবি কবে?
দেবো তোকে--- কী অঞ্জলি?
ছোট্ট--- করপুটে তোর
গোলাপের--- সুবাস মাখা,
তুই কি--- প্রজাপতির
বর্ণিল--- নরম পাখা?
মেয়ে তুই--- ছোট্ট পরী
মেয়ে তুই--- মিষ্টি পাখি,
স্বর্গের--- সব সৌরভ
মেয়ে তোর--- অঙ্গে মাখি।
বাবা তোর--- প্রথম পুরুষ
যেথা তোর--- হুটোপুটি,
জগতের--- শ্রেষ্ঠ পরশ
বাবা আর--- মেয়ের জুটি।
মেয়ে তোর--- ভাইয়ের দু'হাত
নিরাপদ--- রাখবে তোকে,
বাকিসব--- পুরুষ মানেই
জানোয়ার--- মর্ত্যলোকে!
সে পুরুষ--- জন্তু পুরুষ
যদিও--- মানুষরূপী,
যে তোকে--- ছিঁড়ে খাবে
জনপদে--- চুপিচুপি!
নিরাপদ--- নোস মেয়ে তুই
কোথাও--- বাইরে-ঘরে,
হায়েনা--- হিংস্র পুরুষ
তোকে--- রক্তাক্ত করে!
পুরুষের--- লোলুপ থেকে
মেয়ে তুই--- পার পাবি না,
মেয়ে তোর--- দোহাই লাগে
মেয়ে তুই--- জন্মাবি না...
তুই তোর--- আল্লাহকে বল
ধর্ষণে--- ব্যথা লাগে!!
ধর্ষিতা--- হবার চেয়ে
কেয়ামত--- আসুক আগে...
আমি এক--- মেয়ের বাবা
দুমড়ে---মুচড়ে থাকা,
সারারাত--- কেঁদেছি তাই
দু'চোখে অশ্রু ঢাকা...
মেয়ে তুই--- তীব্র ব্যথায়
কী রকম--- ছটফটালি!
মেয়ে তুই--- ক্ষমা করিস
কবিতায়--- শোকের ডালি...
অটোয়া ০৮ মার্চ ২০২৫
-
যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা
-
সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব
-
বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড
-
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২
-
সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে?
আরও পড়ুন: