ওড়ার পর কেবিন প্রেসারে ত্রুটির সংকেত পেয়ে এক ঘণ্টা বাদে আবার ঢাকায় শাহজালাল বিমানবন্দরে ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবের দাম্মামগামী একটি ফ্লাইট।
সোমবার বিকালের এ ঘটনার পর যাত্রীদের অন্য উড়োজাহাজে করে দাম্মাম পাঠানোর তথ্য দিয়েছেন বিমান বাংলাদেশের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্বে) আল মাসুদ খান।
ক্রুটির সংকেত দেওয়া বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজটি ফিরে আসার পর বিমানের প্রকৌশলীরা ফ্লাইটটি পরীক্ষা করে দেখেছেন, এটির সব ঠিক আছে। এ কারণে সোমবার রাতে এটি দিয়ে অন্য রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি।
বিমান বাংলাদেশ ও বিমানবন্দরের কর্মকর্তারা বলেন, বিমানের দাম্মামগামী ফ্লাইটটি (বিজি ৩৪৯) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে রওনা হওয়ার এক ঘণ্টা পর আবার ফিরে আসে। এই এক ঘণ্টায় উড়োজাহাজটি ঢাকা ও আশপাশের এলাকায় উড়ে জ্বালানি তেল কমিয়ে তারপরে শাহজালালে নিরাপদে অবতরণ করে। উড়োজাহাজটির যাত্রী ধারণ ক্ষমতা ৪৫০ জন। সেটি প্রায় ফুল বুকিং নিয়ে দাম্মাম যাচ্ছিল বলে জানিয়েছেন বিমানের কর্মকর্তারা।
বিমান বাংলাদেশের ব্যবস্থাপক আল মাসুদ খান বলেন, “উড়োজাহাজটি টেক অফের পর কেবিন প্রেসারের একটি সংকেত দেখতে পান পাইলট। এ পরিস্থিতিতে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে তিনি উড়োজাহাজটি ঢাকায় ফেরত আনেন।” এর আগে গত ১৬ জুলাই রাতে ‘চাকায় ত্রুটি’ দেখা দেওয়ায় বিমানের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা রুটের একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ‘গ্রাউন্ডেড’ করা হয়।
পরে বিমানের আরেকটি ফ্লাইটে এর চাকা ও যন্ত্রাংশ পাঠানোর পর উড়োজাহাজটি মেরামত করা হয়। এরপর ৩০ ঘণ্টা বিলম্বে দেশে ফেরে উড়োজাহাজটি। এরপর গত ২৪ জুলাই দুবাই থেকে চট্টগ্রামে এসে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে বিমানের আরেকটি বোয়িং ড্রিমলাইনার।
উড্ডয়নের কিছু সময় পর ল্যান্ডিং গিয়ারের দরজা ঠিকভাবে বন্ধ না হওয়ার বিষয়টি শনাক্ত করেন পাইলট। পরে সেটি আবার চট্টগ্রামে ফিরে যায়। ত্রুটি মেরামতের দুই ঘণ্টা পর সেটি আবার ঢাকার উদ্দেশে যাত্রা করে।
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন
-
ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও
-
বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
আরও পড়ুন: