তাসরিফ আহমেদ সৈকত।। ইতালি
ইতালির রাজধানী রোমে নির্মম হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের তিন প্রবাসী বাংলাদেশি সদস্যের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। মর্মান্তিক এই ট্র্যাজেডিতে বাবা, মা ও বোনকে হারিয়ে দিশেহারা বেঁচে থাকা একমাত্র সন্তান অয়ন চৌধুরী। জানাজা শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি বাবা-মা ও বোনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ফেসবুকে দেওয়া সেই হৃদয়বিদারক বার্তায় অয়ন চৌধুরী লেখেন, "আজ ইতালিতে আমার আব্বু, আম্মু ও বোনের জানাজা সম্পন্ন হয়েছে। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন।" কঠিন এই শোকের মুহূর্তে পাশে দাঁড়ানো সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, "আমার জন্যও দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
সম্প্রতি রোমে একই পরিবারের তিন সদস্য নির্মমভাবে খুন হলে ইতালিজুড়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে। নিহতদের কফিন সামনে রেখে জানাজার নামাজে উপস্থিত সর্বস্তরের মানুষ অশ্রুসিক্ত চোখে তাদের শেষ বিদায় জানান।
স্থানীয় প্রবাসী সমাজ ও সামাজিক সংগঠনের নেতারা এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে অয়ন চৌধুরীর প্রতি সর্বস্তরের নেটিজেনরা গভীর সমবেদনা জানাচ্ছেন। স্বজন হারানোর এই অপূরণীয় ক্ষতি ও তীব্র কষ্ট সহ্য করার তাওফিক দান করতে সবাই অয়নের পাশে এসে দাঁড়িয়েছেন।