বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সুনামগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরের একটি অংশে হাউসবোটসহ পর্যটকবাহী সব ধরনের নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
কেন দেওয়া হলো এই নিষেধাজ্ঞা?
ইঞ্জিনচালিত নৌকার অনিয়ন্ত্রিত চলাচল এবং পর্যটকদের ফেলে দেওয়া ময়লা-আবর্জনায় হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হওয়ায় অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান খান বলেন, "এর মানে এই নয় যে, কেউই এখন হাওরে বেড়াতে আসতে পারবেন না। বরং হাওরের যে অংশটুকু প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে পরিচিত, শুধু সেখানেই পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।" ।
এর আগে গত বছরের জুন মাসে একই ধরনের নির্দেশনা দেওয়া হলেও অনেক নৌযান তা অমান্য করছিল। পরে গত নভেম্বরে সরকার 'টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ, ২০২৫' জারি করে। সেই আদেশের আলোকে এবার নতুন করে নির্দেশনা দিয়ে কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
নতুন নিয়ম ও নির্দেশনা
পর্যটকবাহী সব নৌযানকে আগামী এক সপ্তাহের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করতে বলা হয়েছে। একইসঙ্গে প্রতিটি নৌকায় লাইফ জ্যাকেট, লাইফবয় রিং ও অগ্নিনির্বাপক যন্ত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এসব নির্দেশনা অমান্য করলে জেল-জরিমানা ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।
টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষায় গত রোববার একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক ও হাওর সুরক্ষা বাস্তবায়ন ও পরীক্ষণ কমিটির সভাপতি মোহাম্মদ মিনহাজুর রহমানের জারি করা ওই বিজ্ঞপ্তিতে ডজনখানেক নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়েছে, অনিবন্ধিত কোনো পর্যটকবাহী বোট হাওরে চলতে পারবে না। ব্যবসা চালু রাখতে হলে হাউসবোটসহ সব যাত্রীবাহী নৌযানকে আগামী ১০ই অগাস্টের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে।
হাওরে ভ্রমণের সময় উচ্চস্বরে গান বাজানো, মাইক ব্যবহার কিংবা হৈ-হুল্লোড় নিষিদ্ধ করা হয়েছে। সিঙ্গেল-ইউজ প্লাস্টিক ব্যবহার না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
পর্যটকদের সুবিধার্থে নৌকায় পানি বিশুদ্ধকারী ফিল্টার, সেপটিক ট্যাংক এবং অন্তত দু’টি ডাস্টবিন রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া হাউসবোটের দৈর্ঘ্য সর্বোচ্চ ১০০ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। প্রতিটি নৌকায় পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট, লাইফবয় রিং, অগ্নিনির্বাপণযন্ত্র এবং গ্যাস সিলিন্ডারের নিরাপদ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা রয়েছে।
ভ্রমণকালে হাওরে কোনো ধরনের ময়লা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে নৌকায় পর্যাপ্ত ব্যবস্থা রাখতে বলা হয়েছে।
পর্যটকদের আচরণবিধি ট্যুর শুরুর আগেই জানিয়ে দিতে হবে এবং নৌকায় এ সংক্রান্ত নোটিশ টানানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে জরুরি সেবা নম্বর সম্বলিত পোস্টার দৃশ্যমান স্থানে রাখার কথাও বলা হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন বন্ধ রাখার পাশাপাশি ঝড়-বৃষ্টি বা বজ্রপাতের সময় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।
কোথায় পর্যন্ত যেতে পারবেন পর্যটকরা?
২০২৫ সালের 'টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ' অনুযায়ী এসব নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক।
এই নিষেধাজ্ঞার ফলে ইঞ্জিনচালিত নৌযানগুলো ওয়াচ টাওয়ার পার হয়ে হাওরের পরবর্তী অংশে যেতে পারবে না। তবে ওয়াচ টাওয়ার পর্যন্ত পর্যটকবাহী নৌযান চলাচলে কোনো বাধা নেই।
এছাড়া নৌযানগুলো পর্যটকদের নিয়ে মাটিয়ান হাওর এবং বৌলাই নদ হয়ে টেকেরঘাট পর্যন্ত চলাচল করতে পারবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
হাওরের পরিবেশ ও প্রেক্ষাপট
টাঙ্গুয়ার হাওরের অবস্থান সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও মধ্যনগর উপজেলায়। সরকারি হিসেবে ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত এই হাওরের আয়তন প্রায় নয় হাজার ৭২৭ হেক্টর।
কর্মকর্তারা জানান, একসময় এই মিঠা পানির জলাভূমি মাছসহ বিভিন্ন প্রাণবৈচিত্র্যে সমৃদ্ধ ছিল। কিন্তু অতিরিক্ত মাছ আহরণ, বন উজাড় ও পরিবেশ দূষণের কারণে এর বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়ে। এ অবস্থায় ১৯৯৯ সালে টাঙ্গুয়ার হাওরকে 'Ecologically Critical Area (ECA)' ঘোষণা করা হয়।
নৌকা মালিকদের প্রতিক্রিয়া
সরকারের এই সিদ্ধান্তে আপত্তি নেই বলে জানিয়েছেন হাওরের নৌকা মালিকরা। "গত বছর থেকেই আমরা ওয়াচ টাওয়ার পরের ওই অংশে বোট নিচ্ছি না। ফলে নতুন নিষেধাজ্ঞার ফলে আমাদের ব্যবসায় খুব একটা সমস্যা হবে না," বলছিলেন টাঙ্গুয়ার হাওরে চলাচলকারী 'হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশে'র নেতা মো. তাজিরুল ইসলাম।
হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, তাদের সদস্যদের শতাধিক পর্যটকবাহী বোট বর্তমানে নিয়মিতভাবে হাওরে চলাচল করছে। "প্রতিটি বোটে ময়লা ফেলার জন্য জন্য আলাদা ডাস্টবিন, পর্যটকদের জন্য বিশুদ্ধ পানি, লাইফ জ্যাকেট- এগুলো রয়েছে," বলেন মি. ইসলাম। কিন্তু পর্যটকদের মল-মূত্র হাওরের বাইরে ফেলার ব্যবস্থা কি বোটগুলোতে আছে?
-
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা
-
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ
-
পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে
-
‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে