যুক্তরাজ্যে প্রায় প্রতি পাঁচজন চালকের মধ্যে একজনকে নিরাপদে গাড়ি চালানোর জন্য চশমা পরার প্রয়োজন হয়। এদের অনেকেই ড্রাইভিং টেস্ট পাস করার পর দৃষ্টিশক্তি কমতে শুরু করেছেন, কারণ বয়স বাড়ার সাথে সাথে অনেকের চোখের সমস্যা দেখা দেয়।
ড্রাইভিং লাইসেন্সে একটি কোড রয়েছে যা নির্দেশ করে কাউকে গাড়ি চালানোর সময় চশমা পরতে হবে কি না। লাইসেন্সে '০১' কোড থাকার অর্থ হলো, লাইসেন্সধারীকে অবশ্যই চশমা বা কন্টাক্ট লেন্সের মতো দৃষ্টি সংশোধনী ব্যবহার করতে হবে। তবে বাস্তবতা হলো, অনেকেই গাড়ি চালানোর সময় দৃষ্টি সহায়তার প্রয়োজন হলেও তাদের লাইসেন্সে এই অংশটি চিহ্নিত করা নেই।
কখন ডিভিএলএকে জানাতে হবে
সরকারি নির্দেশনা অনুযায়ী, দৃষ্টিশক্তি সংক্রান্ত মান পূরণের জন্য চশমা বা কন্টাক্ট লেন্সের প্রয়োজন হলে প্রতিবার গাড়ি চালানোর সময় তা পরতে হবে। দৃষ্টিসংক্রান্ত বেশ কিছু স্বাস্থ্য সমস্যা রয়েছে, যেগুলো সম্পর্কে চালকদের অবশ্যই ডিভিএলএকে অবহিত করতে হয়।
উভয় চোখে সমস্যা থাকলে, অথবা একটি চোখ না থাকলে অবশিষ্ট চোখে সমস্যা থাকলে, তা ডিভিএলএকে জানানো বাধ্যতামূলক। তবে সাধারণ নিকট-দৃষ্টি বা দূর-দৃষ্টি সমস্যা কিংবা বর্ণান্ধতার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। এছাড়া নিকট-দৃষ্টি সংশোধনের জন্য অস্ত্রোপচার করানো হলে এবং দৃষ্টিমান পূরণ করা গেলে তাও জানানোর প্রয়োজন নেই।
যেসব চোখের সমস্যা জানাতে হবে
সরকারি নির্দেশনা অনুযায়ী, নিম্নলিখিত চোখের সমস্যাগুলো থাকলে তা ডিভিএলএকে অবশ্যই জানাতে হবে—
- ব্লেফারোস্পাজম (চোখের পাতার অনিয়ন্ত্রিত সংকোচন)
- ডায়াবেটিক রেটিনোপ্যাথি (লেজার চিকিৎসাসহ)
- ডিপ্লোপিয়া (দ্বৈত দৃষ্টি)
- গ্লুকোমা
- নিকটালোপিয়া (রাতকানা)
- রেটিনাইটিস পিগমেন্টোসা
এছাড়া নিম্নলিখিত পরিস্থিতিতেও জানানো বাধ্যতামূলক—
- চোখের সমস্যা উভয় চোখে প্রভাব ফেলছে
- একটি চোখে সমস্যা, কিন্তু দৃষ্টিশক্তি কেবল সেই চোখেই সীমাবদ্ধ
- রেটিনাইটিস পিগমেন্টোসা যা এক বা উভয় চোখে প্রভাব ফেলছে
- জিপি, অপটিশিয়ান বা চক্ষু বিশেষজ্ঞ গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছেন
- দৃষ্টিসংক্রান্ত মান পূরণ হচ্ছে না
দৃষ্টিশক্তির মান কী
গাড়ি বা ভ্যান চালানোর জন্য চালকদের নির্দিষ্ট দৃষ্টিমান পূরণ করতে হয়। নিয়ম অনুযায়ী, ২০ মিটার দূরত্ব থেকে (প্রায় ৫টি গাড়ি পার্ক করা দৈর্ঘ্যের সমান) নম্বর প্লেট পড়তে সক্ষম হতে হবে। এক্ষেত্রে চশমা বা কন্টাক্ট লেন্স ব্যবহার করা যাবে।
এছাড়া চালকদের উভয় চোখ একসাথে ব্যবহার করে (অথবা এক চোখে দৃষ্টি থাকলে সেই চোখে) স্নেলেন স্কেলে (Snellen scale) কমপক্ষে দশমিক ০.৫ (৬/১২) দৃষ্টিতীক্ষ্ণতা থাকতে হবে, প্রয়োজনে চশমা বা কন্টাক্ট লেন্সসহ। পাশাপাশি পর্যাপ্ত দৃষ্টিক্ষেত্রও থাকা আবশ্যক, যা অপটিশিয়ানের মাধ্যমে পরীক্ষা করা সম্ভব।
ডিভিএলএকে কীভাবে জানাবেন
উপরোক্ত কোনো সমস্যা থাকলে অনলাইনে গিয়ে চোখের অবস্থা সম্পর্কে রিপোর্ট করতে হবে। যদি একটি চোখে একটি সমস্যা এবং অন্য চোখে ভিন্ন কোনো সমস্যা থাকে, তাহলে ডিভিএলএর কাছে V1 ফর্ম পূরণ করে পাঠাতে হবে।
সূত্র: Mirror.co.uk
-
তাপপ্রবাহের মধ্যে লন্ডন-এসেক্সে পাইপ ফেটে ১০ হাজার বাড়িতে পানির সংকট
-
ফারাজের বাড়িতে অগ্নিসংযোগ তদন্ত পুনরায় চালু, স্বাগত জানালেন ফারাজ নিজেই
-
কিশোর-তরুণ শিক্ষার্থীদের জন্য ফ্রি জিসিএসই ভাষা কোর্স চালু করেছে টাওয়ার হ্যামলেটস
-
যুক্তরাজ্যে ফের বাড়ছে তাপমাত্রা, শিশু-বয়স্কদের বাড়তি সতর্কতার পরামর্শ
-
যুক্তরাজ্যে ১,১০০+ অভিবাসী দোষী, বিতর্কে মানবাধিকার প্রশ্ন