মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। দেশটির কাজাংয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসীকে আটক করেছে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।
চার পৃথক অভিযানে ১১২ অভিবাসী আটক
১৯ আগস্ট বুধবার সকাল ৯টা থেকে পরিচালিত এ অভিযানে ‘অপস বেলাঞ্জা’, ‘অপস মিনিয়াক’, ‘অপস মাহির’ ও ‘অপস সেলেরা’ নামে চারটি পৃথক অভিযানে ইমিগ্রেশন বিভাগের ২০ কর্মকর্তা অংশ নেন।
সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের (নিয়ন্ত্রণ) উপপরিচালক মোহাম্মদ খুসাইরি কামারুদিন জানান, অভিযানে মোট ১১৪ অভিবাসীর কাগজপত্র ও বৈধতা যাচাই করা হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১১২ জনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, আটকদের মধ্যে ৮৭ জন বাংলাদেশি, ১৩ জন ইন্দোনেশীয়, পাঁচজন মিয়ানমারের এবং সাতজন পাকিস্তানি নাগরিক। আটকদের বয়স ১৪ থেকে ৫২ বছরের মধ্যে। তাদের মধ্যে ৯৮ জন পুরুষ ও ১৪ জন নারী রয়েছেন।
বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে মোহাম্মদ খুসাইরি বলেন, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ৬(১)(সি) ধারা লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। এ ধারায় বৈধ কাগজপত্র বা মালয়েশিয়ায় অবস্থানের বৈধ পাস না থাকার বিষয়টি অন্তর্ভুক্ত।
এ ছাড়া একই আইনের ১৫(১)(সি) ধারা অনুযায়ী বৈধ পাস বা পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯(বি) বিধি লঙ্ঘনের অভিযোগও পাওয়া গেছে।
আটক ১১২ জনকে পরবর্তী ব্যবস্থা ও তদন্তের জন্য ইমিগ্রেশন বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সংশ্লিষ্ট আইন ও বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ।