লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিখোঁজ দুই বাংলাদেশির মধ্যে একজনের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যজনের মরদেহ ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে বলে জানিয়েছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস।
বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন লেবাননে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসাইন।
উদ্ধার অভিযান: অঙ্গবিচ্ছিন্ন মরদেহ শনাক্ত
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার লেবানিজ সেনাবাহিনী ও লেবানিজ রেডক্রসের সহায়তায় হামলাস্থল থেকে একটি অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিবেশী প্রবাসী বাংলাদেশি কর্মী রাজিব সেটিকে শুভ কুমার দাসের মরদেহ হিসেবে শনাক্ত করেন।
উদ্ধার হওয়া মরদেহটি বর্তমানে নাবাতিয়ের নাযদ হাসপাতালে রাখা হয়েছে।
নিহত ও নিখোঁজের পরিচয়
নিহত শুভ কুমার দাস সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারিকাঠি ইউনিয়নের সুরঞ্জনের ছেলে। অন্যদিকে নিখোঁজ করিম মিয়া নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজেম আলীর ছেলে।
কীভাবে ঘটেছিল হামলা?
সোমবার রাতে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের মাইফাদুন এলাকায় নিজ আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলার শিকার হন তারা।
ধ্বংসস্তূপের নিচে আরেকজনের মরদেহ
করিম মিয়াকে উদ্ধারের বিষয়ে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ধারণা করা হচ্ছে একই হামলাস্থলের ধ্বংসস্তূপের নিচে তার মরদেহ চাপা পড়ে থাকতে পারে।
দূতাবাস জানায়, “নিরাপত্তা ঝুঁকির কারণে লেবানিজ সেনাবাহিনী ও লেবানিজ রেডক্রস অপর মরদেহের উদ্ধার কাজ চালাতে পারেনি মর্মে একটি সূত্র থেকে জানা গেছে। মরদেহ উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে।”
আগের হামলাতেও নিহত বাংলাদেশি
এর আগে লেবাননের আরও দুটি স্থানে ইসরায়েলি হামলায় তিন বাংলাদেশি নিহত হন। এসব ঘটনায় বাংলাদেশ সরকার কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে।
-
নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ
-
রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব
-
ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক
-
পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী
-
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প?