ঢাকা ২১ বৈশাখ ১৪৩৩, সোমবার, ০৪ মে ২০২৬
ঢাকা ২১ বৈশাখ ১৪৩৩, সোমবার, ০৪ মে ২০২৬

পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪ মে ২০২৬, ১২:৫৫ পিএম

পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সোমবার রাজ্যের ৭৭টি গণনাকেন্দ্রের ৪৫৮টি হলে একযোগে এই গণনা কার্যক্রম শুরু হয়। প্রাথমিক ফলাফলের প্রবণতায় দেখা যাচ্ছে, অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), যা দলটির জন্য প্রথমবারের মতো এই রাজ্যে সরকার গঠনের সম্ভাবনা তৈরি করেছে।

ভারতীয় নির্বাচন কমিশন–এর সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গণনায় বিজেপি ১৬৮টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, টানা তিন মেয়াদ ধরে রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস ৮২টি আসনে এগিয়ে আছে। তবে এখনো কোনো আসনের চূড়ান্ত ফল ঘোষণা হয়নি।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্যেও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী বিজেপি ১৭৯টি এবং তৃণমূল ১০৭টি আসনে এগিয়ে। হিন্দুস্থান টাইমস বলছে, বিজেপি ১৬৭টি ও তৃণমূল ৯৯টি আসনে এগিয়ে আছে। আর এনডিটিভি–এর হিসাবে বিজেপি ১৯৮টি এবং তৃণমূল ৯২টি আসনে এগিয়ে রয়েছে।

রাজ্যের মোট ২৯৪টি আসনের মধ্যে একটি আসনের ভোট স্থগিত হওয়ায় সোমবার ২৯৩টি আসনের ফল জানা যাবে। সরকার গঠনের জন্য একটি দলকে কমপক্ষে ১৪৭টি আসনে জয়ী হতে হবে।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট পড়েছে, যা রেকর্ডের কাছাকাছি। দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রে ভোট বাতিল হওয়ায় সেখানে আগামী ২১ মে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

টানা তিন মেয়াদ ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের জন্য এই নির্বাচন ছিল নিজেদের অবস্থান ধরে রাখার লড়াই। অন্যদিকে, কেন্দ্রীয় ক্ষমতাসীন বিজেপি পশ্চিমবঙ্গ দখলের লক্ষ্যে এবার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে।

ধারণা করা হচ্ছে, সোমবার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে অধিকাংশ আসনের স্পষ্ট প্রবণতা জানা যাবে। তবে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত ফল পেতে বিকাল কিংবা সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে।