দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে করে উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০২ জনে।
একই সময়ে নতুন করে আরও ১০৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক বুলেটিনে জানানো হয়, সারাদেশে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ জন। এছাড়া সন্দেহজনক উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬০৯ জনের।
এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৬৩ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। এছাড়া রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৭৭, চট্টগ্রামে ৫১, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৫৬, খুলনায় ২৭ এবং রংপুরে ৮ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ১০৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং একই সময়ে ৮৬৯ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন। এদের মধ্যে ৭৮৬ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৭৯ জন, রাজশাহীতে ৪২, সিলেটে ৬৪, চট্টগ্রামে ১৮৫, বরিশালে ১২১, ময়মনসিংহে ৩৯, খুলনায় ৪৫ এবং রংপুরে ১১ জন রয়েছেন।
এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮১ হাজার ২৮৩ জন হাম রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭৭ হাজার ৬১৩ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
বর্তমানে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ৫২২ এবং নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৫৪৯ জন।