ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

বিদায় সন্‌জীদা খাতুন, প্রেরণার উৎস হয়ে থাকবেন

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ১০:৪৬ এএম

বিদায় সন্‌জীদা খাতুন, প্রেরণার উৎস হয়ে থাকবেন

মফিদুল হক

সন্‌জীদা খাতুন চলে গেলেন। বাংলাদেশ ও বাঙালির জীবন বিকাশের ইতিহাসে তিনি বহুভাবে ভূমিকা পালন করে গেছেন। একজন মানুষ নিজেকে কত উজাড় করে দিতে পারেন নানান ক্ষেত্রে, সেখানে তাঁর খুব বেশি তুলনীয় উদাহরণ আমরা পাব না। বলতে গেলে একজন বিরল ব্যক্তিত্ব তিনি।

তাঁর বড় পরিচয় সংগীতশিল্পী হিসেবে। কিন্তু শিল্পী না বলে সংগীতের সাধক বলাই সংগত। সংগীতের সাধক, শিল্পের সাধক, সংস্কৃতির সাধক। আবার এই সাধনার যেমন গভীরতা আছে; তেমনি সংগীতচর্চাকে জনে জনে ব্যাপ্ত করে দেওয়ার জন্য বিশাল কর্মযজ্ঞ তাঁর। আর এটা জীবনের সূচনার দিক থেকেই তিনি শুরু করেছিলেন। তারপর যখন নিজেকে নানাভাবে দক্ষ করে তুললেন এবং নানা রকম যোগ্যতার পরিচয় দিলেন; সর্বক্ষেত্রে তাঁর একই অবদান দেখি। একদিকে রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবে তাঁর পরিচয়; আরেক দিকে রবীন্দ্রসংগীতের ব্যাখ্যায় তিনি অতুলনীয়। যারা বাংলা সাহিত্যের বিশিষ্টজন, তারাও সন্‌জীদা খাতুনকে খুবই সম্মানের জায়গা দিতেন। তিনি অধ্যাপনা করেছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। সেখানে অধ্যাপক হিসেবে তাঁর যে ভূমিকা, সেটাও অনন্য। সন্‌জীদা খাতুন পিএইচডি করেছিলেন অনেক আগে। তারপর তিনি পোস্ট ডক্টরেট করলেন; ডি-লিট পেলেন।

এসব কিছুর চাইতেও বড় গবেষণা তিনি এর পর করলেন। কবিতায় ধ্বনির বিচার-বিশ্লেষণে তিনি কম্পিউটার প্রয়োগ এবং এর সঙ্গে শিল্পের বিশ্লেষণ ও মেলবন্ধন বানালেন। এত গভীর কাজ তিনি করেছেন যে, এই কাজের গভীরতা নিয়ে ভাবলে বিস্মিত হতে হয়।

তিনি গানের শিক্ষক। আজীবন গান শিখিয়েছেন জনে জনে। গান শিখিয়ে আনন্দ পেয়েছেন। সংগীত শিক্ষাদান তাঁর আরেকটি ব্রত। কীভাবে দিনের পর দিন একজন মানুষ ব্যক্তিজীবন, সংসারজীবন– সবকিছু তুচ্ছ করে সংগীত শিক্ষাদানে উৎসর্গিত ছিলেন; সেটা ছায়ানটকে কেন্দ্র করে একটা বড় মহিরুহের আকার পেল। ছায়ানটও ষাটের দশকে রবীন্দ্র জন্মশতবর্ষ ঘিরে প্রতিবাদী আয়োজন থেকে বিকশিত হলো। এর সঙ্গেও তিনি ওতপ্রোতভাবে জড়িত। পাশাপাশি তিনি আবার রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের হয়ে সারাদেশে রবীন্দ্রসংগীত ও বাংলা গানের প্রসারের জন্য কাজ করলেন। কেবল যে আনুষ্ঠানিক কাজ, তা নয়। তিনি অনেক জেলায় গিয়েছেন; ছোট শহরে গিয়ে ছেলেমেয়েদের গান শিখিয়েছেন। তাঁর কাছে প্রশিক্ষণ পেয়েছেন দশকের পর দশকজুড়ে হাজারো শিল্পী। ছায়ানট তো বটেই; এর বাইরেও সারাদেশের অসংখ্য ছেলেমেয়ে তাঁর সান্নিধ্য পেয়েছেন এবং তাদের জীবনে এটা এক সম্পদ।

আবার দেশের দুর্যোগে, যেটা আমরা ষাটের দশকে সাংস্কৃতিক প্রশ্নে দেখি এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধে তিনি প্রবলভাবে দাঁড়িয়েছেন।

মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীনতা সংগ্রামেও ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের সময় গানের দল মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা গড়ে তোলা; তারা নানা জায়গায় মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে গান গেয়ে অনুপ্রেরণা জোগালো, সেখানেও তাঁর অগ্রণী ভূমিকা ছিল।

আগামী ৪ এপ্রিল সন্‌জীদা খাতুনের বয়স ৯২ বছর পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু এই যে ৯০-উত্তীর্ণ তাঁর জীবন, সেটা সর্বতোভাবে তিনি মানবিক সমাজ ও বাঙালি সংস্কৃতির বিকাশে ব্যয় করেছেন। এই যে সৃজনশীলতা ও বৈচিত্র্যের বিশাল সম্পদ; সেটা আহরণ করা ও মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার মতো কাজ কতভাবে যে তিনি করেছেন, তার কোনো শেষ নেই।

এই মানুষটি চলে গেলেন; কিন্তু বটের ছায়া তো রয়ে গেল। এই বটবৃক্ষ আমাদের জন্য বড় সম্পদ। কতভাবে কত মানুষ বছরের পর বছর, যুগের পর যুগ এই ছায়াতলে জীবনের দীক্ষা ও শিক্ষা পেয়েছে! তারা বহমান রাখবে এই ধারা। আমাদের জাতীয় জীবনের জন্য তিনি বিশাল সম্পদ হিসেবে আবির্ভূত হয়েছেন।

আজীবন একনিষ্ঠ ও সাধারণ, নিরাভরণ জীবন যাপন করেছেন সন্‌জীদা খাতুন। ষাটের দশকে তাঁকে আমরা যেভাবে দেখেছি, বর্তমান সময়ে এসেও তাঁকে একইভাবে দেখেছি। নিরাভরণ জীবন তাঁর; কিন্তু অন্যদিক দিয়ে এমন সম্পদশালী জীবনের মানুষ খুব কম খুঁজে পাওয়া যাবে। আর এই সম্পদের সুফল সবাই আহরণ করতে পেরেছে তাঁর সূত্রে।

তাঁর সাহিত্য সৃষ্টি, তাঁর প্রবন্ধ, চিন্তাশীলতার দিকগুলো যদি বিবেচনায় নিই, সেটাও আরেক বিশাল বৃত্তান্ত। এ রকম সর্বব্যাপ্ত একজন পরিপূর্ণ মানব আমাদের মাঝে ছিলেন।

তাঁর চলে যাওয়া ইতিহাসের একটা অধ্যায়ের সমাপ্তি; কিন্তু তাঁর রেখে যাওয়া সম্পদ বহমান থাকবে– এটাই আমাদের আশা; আমাদের শক্তির দিক। এটাই আমাদের প্রেরণা।