ঢাকা ২১ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
ঢাকা ২১ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

নেত্রকোনায় ট্রলারডুবি: বলগেট নৌকা ও ট্রলার চালকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩২ এএম

নেত্রকোনায় ট্রলারডুবি: বলগেট নৌকা ও ট্রলার চালকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে বালুবাহী বলগেট নৌকার ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবিতে ১০ জন নিহত হওয়ার ঘটনায় ওই বলগেট নৌকা ও ট্রলার চালকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে ট্রলারডুবিতে নিহত লুৎফুন্নাহারের স্বামী আব্দুল ওয়াহাব বাদী হয়ে কলমাকান্দা থানায় এ মামলাটি দায়ের করেন। এদিকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে বলগেট নৌকার চালকসহ আটক ৫ জনকে ৫দিনের রিমান্ড আবেদন করে নেত্রকোনা আদালতে প্রেরণ করেছে পুলিশ। তবে ট্রলার চালক সোহাগ মিয়া ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্সকর্তা (ওসি) মাজহারুল করিমের সাথে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর আটক ৫ জনকে ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে এবং যাত্রী ট্রলার চালক পলাতক সোহাগ মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে। আটক ৫ জন হলেন, বলগেট নৌকার চালক সোহাগ মিয়া (৩৫), ইঞ্জিনচালক আবাদুল (২২), ও নৌকাটির সহকারি জাফর আলী (৩২), বাপন মিয়া (১৯) ও বাদল মিয়া (৪৫)। তারা সবাই কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পাটুলি এলাকার বাসিন্দা। এদিকে ট্রলারডুবির ঘটনায় আরো ১০-১২ জন নিখোঁজ থাকায় নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান নেত্রকোনা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু আব্দুল্লাহ মো. সাইদুল্লাহ। তবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নতুন কোনো মৃতদেহ উদ্ধার হয়নি বলেও জানান তিনি