যুক্তরাষ্ট্রকে তেহরান বিশ্বাস করে না এবং যেকোনো মুহূর্তে আবারও সংঘাত শুরু হতে পারে—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
রোববার (১৯ এপ্রিল) ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে গালিবাফ এ সতর্কবার্তা দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও সংঘাতের অবসান নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তাঁর এ মন্তব্য সামনে আসে।
এদিকে ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার আশঙ্কায় ইসরায়েলি বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত, পরে আলোচনা—জানাল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত করার ওপর জোর দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ। তিনি বলেন, ‘এটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা নতুন করে বৈঠকের তারিখ নির্ধারণ করতে পারছি না।’
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কিছু বিষয়ে এখনো দুই পক্ষের মধ্যে ঐকমত্য হয়নি। এর জন্য যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবি’কে দায়ী করেন তিনি।
অজ্ঞাতনামা ইরানি সূত্রের বরাত দিয়ে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরান তাদের শর্তগুলো পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে।
তেহরান স্পষ্ট করেছে, দীর্ঘ ও অর্থহীন আলোচনায় সময় নষ্ট করতে তারা আগ্রহী নয়।
এদিকে গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, সেসব প্রস্তাব তারা পর্যালোচনা করছে, তবে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এর আগে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফার শান্তি আলোচনা ফলপ্রসূ হয়নি। যদিও দুই পক্ষের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। দ্বিতীয় দফায় উভয় পক্ষকে আবার আলোচনায় আনতে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।